যে কারণে জিও বিক্রি করলাে মুকেশ

২৩ এপ্রিল, ২০২০ ০৮:৫৪  
বছর চারেক আগে দেশের মোবাইল পরিষেবা ব্যবসায় পা রেখে হইচই ফেলে দিয়েছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। তাদের শাখা রিলায়্যান্স জিও ইনফোকম বাজারে আসার পরেই শুরু হয়েছিল তীব্র যুদ্ধ। আর এ বার ই-কমার্স পরিষেবায় আরও বেশি করে পা রাখতে করোনা আবহের মধ্যেই মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুকের হাত ধরল মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও প্ল্যাটফর্ম। বিশ্ব জুড়ে মানুষ যখন ঘরবন্দি থেকে কাজ করতে অভ্যস্ত হচ্ছে, তখনই আচমকা এত বড় দুই সংস্থার চুক্তি নিঃসন্দেহে ব্যবসার নতুন দুনিয়া খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বুধবার রিলায়্যান্স জানিয়েছে, জিও প্ল্যাটফর্মে ৫৭০ কোটি ডলার লগ্নি করে ৯.৯৯% অংশীদারি হাতে নিয়েছে ফেসবুক। আর দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের এই বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নির হাত ধরে তাদের পর্ষদে জায়গা পাবেন ফেসবুকের সদস্য। যেখানে ইতিমধ্যেই রয়েছেন মুকেশের যমজ ছেলেমেয়ে ইশা এবং আকাশ। সব মিলিয়ে জিও প্ল্যাটফর্মের মূল্যায়ন দাঁড়াবে প্রায় ৪.৬২ লক্ষ কোটি টাকা। গত অক্টোবরে তৈরি যে প্ল্যাটফর্মের ছাতায় তলায় রয়েছে জিও মার্টের মতো ই-কমার্স ব্যবসা। তালিকায় সামিল জিও মোবাইল ও ব্রডব্যান্ড এবং রিলায়্যান্সের কেব্‌ল পরিষেবাও। বিশেষজ্ঞদের মতে, ভারতে ওয়ালমার্টের শাখা ফ্লিপকার্ট ও মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজ়নকে টেক্কা দিতে জিও মার্টকে সাহায্য করবেন এ দেশে প্রায় ২৫ কোটি ফেসবুক ব্যবহারকারী। পাশাপাশি, ছোট দোকানদারদের অনলাইন বাজারে টেনে আনতে কাজে লাগবে ফেসবুকের শাখা হোয়াটসঅ্যাপের প্রায় ৪০ কোটি গ্রাহক। এ দিন ভিডিও ম্যাসেজে মুকেশ নিজেও মেনেছেন, হোয়াটঅ্যাপকে সঙ্গী করে প্রায় তিন কোটি ছোট দোকানকে অনলাইনে জায়গা করে দেওয়াই তাদের লক্ষ্য। আর ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কর্ণধার মার্ক জ়াকারবার্গের বক্তব্য, ভারতে তাদের ব্যবসা আরও ছড়াতে সাহায্য করবে এই চুক্তি। যে অশোধিত তেল ব্যবসা থেকে রিলায়্যান্সের মুনাফার বেশির ভাগটা আসত, সেখানেই গত ক’বছরে ধাক্কা খাচ্ছে তেল শোধন বাবদ আয়। এই অবস্থায় পাঁচ বছর আগে ‘‘ডেটাই এখন নতুন তেল’’ এই বার্তা দিয়েই জিওকে বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন মুকেশ। সংশ্লিষ্ট মহলের তাই মত, আগামী দিনে যে আরও বেশি করে প্রযুক্তি ব্যবসায় রিলায়্যান্স জোর দেবে তা প্রত্যাশিতই ছিল। সেই পথে এক ধাপ এ দিনের চুক্তি। তার উপরে গত ক’বছরে টানা জিও লগ্নি চালাতে গিয়ে চওড়া হয়েছে রিয়াল্যান্সের ধারের বোঝা। ২০২১-এর মধ্যে যা কমানোর লক্ষ্য স্থির করেছেন অম্বানী। ফেসবুকের সঙ্গে জোট সেই সমস্যাও কিছুটা সমাধানে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের।